সাকিবের বদলে জেসন রয়কে নিল কলকাতা

সাকিবের বদলে জেসন রয়কে নিল কলকাতা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:৪৫

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে খেলছেন না সাকিব আল হাসান। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। এমন বাস্তবতায় সাকিবের বিকল্প হিসেবে নতুন কোনো বিদেশি খেলোয়াড় দলে টানতে হতো কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে। সাকিবের বদলে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে নিয়েছে কেকেআর।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

সাকিবের বিকল্প হিসেবে কলকাতার নজরে ছিল লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। তবে এখানেও কলকাতাকে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শ্রীলঙ্কার অধিনায়ককে দলে ভিড়িয়েছে হার্দিক পান্ডিয়ারা।

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে বাংলাদেশের। সিরিজটা হবে ৭ মে থেকে ১৪ মে। অন্যদিকে আইপিএল শেষ হবে ২৮ মে। তার মানে সাকিব আইপিএলের মাঝের অংশেও খেলতে পারবেন না। সবমিলিয়ে তাই সরে দাঁড়ান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিতে চেয়েছিলেন শাহরুখ

জেসনকে নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। প্রথমত, নিলামে তার ন্যূনতম দর ছিল দেড় কোটি টাকা। সাকিবকেও ঠিক ওই দামেই কিনেছিল কলকাতা। ফলে জেসনকে সই করাতে আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই কেকেআরের।

দ্বিতীয়ত, জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

অবশ্য জেসন রয়কে নিয়ে জল্পনা বাড়ছিল তার সোশ্যাল মিডিয়ার গতিবিধি থেকে। তিনি হঠাৎ ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন কেকেআরের পেজ। শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে আর কাউকে ‘ফলো’ করেন না জেসন। এর ফলে মনে করা হচ্ছিল তার সঙ্গে কথা বলেছে কেকেআর, এবং সব কিছু চূড়ান্ত হয়ে গেছে।

আইপিএল উদ্বোধন মাতালো দক্ষিণী তারকারা

তবে বেশ কিছু প্রশ্নও রয়েছে। প্রথমত, সাকিব অলরাউন্ডার, তার বদলে হঠাৎ ওপেনার কেন নিল কলকাতা? কেকেআরে ইতোমধ্যে আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি বিদেশি এবং ওপেন করতে পারেন। এছাড়া টাইগার ব্যাটার লিটন দাসও ওপেন করতে পারেন। এরা দু’জনে আবার উইকেটরক্ষক হিসেবেও খেলতে পারেন। এমন অবস্থায় হঠাৎ রয়কে নেওয়া হলে সেটা কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading