এমসিসির আজীবন সম্মাননা সদস্যপদ পেলেন মাশরাফি
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:৩০
মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পুরস্কার হিসেবে আজীবন সম্মাননা সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা।
বুধবার (০৫ এপ্রিল) ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা বিশ্বের কয়েকজন চমৎকার ক্রিকেটারদের এই সম্মান দেয়।
১২ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আটজন আছেন এই বছরের তালিকায়। মাশরাফির কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, প্রভাবশালী বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের সঙ্গে ১৯ বছরের ক্যারিয়ার তার।
এছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মর্গ্যান, চারবারের অ্যাশেজ জয়ী কেভিন পিটারসেন, ইন্ডিয়ার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংকে রাখা হয়েছে। ১৩ বছরের ক্যারিয়ারে সাড়ে পাঁচ হাজার ওয়ানডে রান করে নাম লিখেছেন সুরেশ রায়না।

পাকিস্তানের তিন ফরম্যাটে ৪০০ বার দেশের প্রতিনিধিত্ব করে মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ৪৩৯ টেস্ট উইকেট নিয়ে এই সদস্যপদ লাভ করেছেন।
উইকিপিডিয়া বলছে, মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) টমাস লর্ড কর্তৃক ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক ক্রিকেট ক্লাব। এ ক্লাবটি বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত ও বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড। ক্রিকেটের ইতিহাসে এ ক্লাবের ভূমিকা অপরিসীম।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাবটি সর্বাপেক্ষা সক্রিয় ও জনপ্রিয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পেয়ে আসছে। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারীর ভূমিকায় রয়েছে এমসিসি। এখানে ক্লাবের সদর দফতর অবস্থিত।
ইউডি/এ

