হাথুরুর সহকারী হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার পোথাস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:১৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। এক যুগের কোচিং ক্যারিয়ারে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন পোথাস।
সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবেও বিভিন্ন সময় কাজ করেছেন। সবশেষ ইংলিশ কাউন্টি হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচ ছিলেন।
৪৯ বছর বয়সী পোথাস আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। মূলত বাংলাদেশ দলের সঙ্গে আগামী দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।
বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে খুশি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক সম্মানিতবোধ করছি। আমি বিশ্বাস করি, আগামী দুইটা বছর এত চমৎকার সব মেধাবি ক্রিকেটারদের সঙ্গে আমার দারুণ সময় কাটবে।’
দক্ষিণ আফ্রিকার ডানহাতি এ ব্যাটারের মাত্র তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যেখানে তিনি ২৪ রান করেন। যদিও প্রথম শ্রেণি ২১৮টি ও লিস্ট এ ক্রিকেটে ২৩৬টি ম্যাচ খেলে ১৬ হাজারের বেশি রান করেছেন পোথাস। আইসিসি স্বীকৃত ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।
তিনি ২০০০ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলেন। একই বছরে একই সময়ে একই প্রতিপক্ষের বিপক্ষে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলেন।
ইউডি/এ

