জামিন পেলেন সেই রানা

জামিন পেলেন সেই রানা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৪৫

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সেই ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) এ বিষয়ে জারি করা এক রুলের যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এই রায়ের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম।

এর আগে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করা হয়েছিল। সেই রুলের যথাযথ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে সাভারের রানা প্লাজা ধসে পড়ে। ওই ঘটনায় ভবনের নিচে চাপা পড়ে সারে পাঁচ হাজার পোশাক শ্রমিক। পরবর্তীতে সেখান থেকে ১ হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও সেই ঘটনায় প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হয়। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

মর্মান্তিক সেই ঘটনার পর সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় ৫৯৪ জনকে সাক্ষী করা হয়।

পরবর্তীকালে ২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সবশেষ গত বছরের ১ মার্চ রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার সোহেল রানাকে জামিন দিলেন হাইকোর্ট।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading