সিটি নির্বাচন দেখে জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে জাপা: চুন্নু
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:০০
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে কি না, মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে কি না, এসব দেখে আমরা জাতীয় নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কারণ, সংসদ নির্বাচন কেমন হবে, তা সিটি নির্বাচন দেখে বোঝা যাবে।’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়। জনগণ প্রত্যাশা করে, জাতীয় নির্বাচন সর্বতভাবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হবে।’
জাপা মহাসচিবের অভিযোগ, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ‘ভালো আচরণ করেনি’। বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের ভোটের মাঠ থেকে হটাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরজবরদস্তি করেছে।
জাপার কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচন এলে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। আশা করছি, সেটি এবার হবে না। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে, যেন কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে।’
এ সময় উপস্থিত ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
আগামী মে ও জুন মাসে হবে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এই সিটিতে দলটির মনোয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাকে মনোনয়ন দেন।
ইউডি/এ

