জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরে ঢাকা ছেড়েছেন। ১৫ দিনের সরকারি সফরে তিনি জাপান, আমেরিকা ও ব্রিটেনে যাবেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান। স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফ্লাইটটি জাপানের টোকিওতে পৌঁছাবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

শেখ হাসিনার জাপান সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই দিন তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাইকা, জেইটিআরও, জেইইআইসি, জেবিপিএফএল, জেবিসিসিইসির নেতাদের সঙ্গে বৈঠকসহ আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার সম্প্রচার করবে।

এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। আগে তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেন।

জাপান থেকে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী। দেশটির ওয়াশিংটন ডিসিতে পৌঁছে আগামী ১ মে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

আমেরিকা সফরকালে শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন।

৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। সেখানে তিনি তৃতীয় চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেকে যোগ দেবেন।

ব্রিটেন সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দেবেন। ৮ মে ঢাকার উদ্দেশে তাঁর লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading