তিন দিনে ভাইজানের সিনেমায় শতকোটি টাকার ব্যবসা

তিন দিনে ভাইজানের সিনেমায় শতকোটি টাকার ব্যবসা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:২০

ঈদ এলেই সাজ সাজ রব পড়ে যায় বিটাউনে। ইফতার অনুষ্ঠান, নতুন ছবি মুক্তি—সব মিলিয়ে ঝলমলিয়ে ওঠে বলিপাড়া। আর ঈদের দিনটা অলিখিতভাবেই যেন বলিউড সুপারস্টার সালমান খানের দখলে। বিশেষ এই দিনে মুক্তি পায় তাঁর সিনেমা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সালমান খান। মুক্তির তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

পরিবারের সঙ্গে সাদামাটাভাবে ঈদ উদযাপন করতে ভালোবাসেন সালমান। এবারও পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ উদযাপন করলেন তিনি। খান বংশের ছোট থেকে বড়—সব সদস্যের মিলনমেলা বসেছিল একছাদের তলায়। ঈদের দিন সকালে একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন সালমান। ছবিতে সালমানের সঙ্গে ছিলেন বন্ধু আমির খান। ঈদ উপলক্ষে ভাইজান আমিরকে দাওয়াত দিয়েছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর এই দুই তারকাকে একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা খুশিতে ফেটে পড়েছিলেন।

সালমানের ঈদের আরেকটি ছবি নেট দুনিয়ায় ভালোবাসার বার্তা ছড়িয়েছে। সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মার পোস্ট করা এক ছবিতে পুরো খান বংশকে একফ্রেমে দেখা গেছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, দুই ভাই আরবাজ ও সোহেল, দুই বোন অর্পিতা ও অলভিরা, দুই ভগ্নিপতি আয়ুশ শর্মা, অতুল অগ্নিহোত্রীসহ পরিবারের খুদে সদস্যরাও।

ঈদের দিন রাতে আয়ুশ আর অর্পিতার বাসায় ঈদ উপলক্ষে এক বড়সড় পার্টির আয়োজন করা হয়েছিল। এই রাত আলোকিত হয়ে উঠেছিল বলিউড তারকাদের সমাগমে।

তবে ঈদের এই পার্টির মূল আকর্ষণ যে সালমান ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। এই রাতে হাজির ছিলেন আমির খান, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রনৌত, দিয়া মির্জা, হুমা কুরেশি, পূজা হেগড়ে, টাবু, সঙ্গীতা বিজলানি, সোনাক্ষী সিনহা, কবির খান, অংশুলা কাপুর, দিশা পাটানি, কার্তিক আরিয়ান, অনিল কাপুরসহ আরও অনেকে।

তবে সালমানের ঈদ তাঁর ভক্তদের ছাড়া অসম্পূর্ণ। আর তাই প্রতিবারের মতো এবারও ঈদের দিন পড়ন্ত বিকেলে গ্যালাক্সির বারান্দায় এসেছিলেন ভাইজান। পাশে ছিলেন বাবা সেলিম খান।
এদিন গ্যালাক্সি আবাসনের বাইরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভক্তদের উদ্দেশে সেলাম ঠুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান। আর ঈদের এটা অত্যন্ত চেনা ছবি। কারণ, সালমান কোনোবার তাঁর ভক্তদের নিরাশ করেন না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading