রূপপুর প্রকল্পের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:১৫
পাবনায় নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এই চালানে দুই হাজার ৫২২ টন মেশিনারি পণ্য নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে রুশ পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে ১৭ জন রাশিয়ান নাবিক রয়েছেন। মালামাল খালাস করে জাহাজটি ইন্ডিয়ার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
জাহাজটির স্থানীয় শিপিং কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘গত মাসের ২৮ তারিখ জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ৩০০ প্যাকেজের ২ হাজার ৫২২ টন মেশিনারি পণ্য আনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে থেকে এই পণ্য খালাস শুরু হয়েছে। তিন দিনের মধ্যে এসব পণ্য সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’
এর আগে সর্বশেষ ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে ১ হাজার ২০০ টন মেশিনারি পণ্য আনা হয়।
রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘দেশে নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।’
ইউডি/এ

