ফাইনালের আগে ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি

ফাইনালের আগে ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ১১:০০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। স্পেন চ্যাম্পিয়নদের বিপক্ষে গত আসরের শেষ চার থেকে বিদায়ের প্রতিশোধ নিতে মরিয়া দুরন্ত ফর্মে থাকা ইংলিশ চ্যাম্পিয়নরা। আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোসও। উড়তে থাকা আর্লিং হালান্ডকে ঘরের মাঠে রুখে দিতে চায় স্বাগতিকরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত দুইটায় শুরু হবে মহারণ।

ফাইনালের আগে ফাইনাল। আক্ষরিক অর্থেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সে স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলপ্রেমিরা। ইস্তাম্বুলের টিকিটের লড়াইয়ে ইউরোপ সেরা রিয়ালের মুখোমুখি ইংল্যান্ড চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ফর্মের বিচারে কিছুটা এগিয়ে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে গার্দিওলার দল। একমাত্র অপরাজিত দল হিসেবে আসরের শেষ চারে ম্যান সিটি। যারা শেষ আটে বিধ্বস্ত করে এসেছে বায়ার্নের মতো জায়ান্টকে।

লিগে যেমন তেমন ইউসিএলে রাজার মতোই ছুটছে রিয়াল। নক আউটে দুই ইংলিশ প্রতিপক্ষ লিভারপুল ও চেলসিকে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির দল।

বিগ ম্যাচের আগে আলোচনায় একজন আর্লিং হালান্ড। চলতি টুর্নামেন্টে ম্যান সিটির ২৬ গোলের ১২টি এই নরওয়েজিয়ান তারকার। ছুটছেন এক আসরে রোনালদোর সর্বোচ্চ ১৭ গোল রেকর্ডের পেছনে।

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ইউরোপ সেরা হতে হলে আপনাকে ইউরোপের সেরা দলকেই হারাতে হবে। আর কোনো সন্দেহ নেই রিয়ালই সেরা। তবে আমাদের একজন আর্লিং হালান্ড আছে, অবশ্যই আমরা তার ফায়দা নেব। তার জন্যই খেলব আমরা।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, হালান্ড নিঃসন্দেহে ভয়ঙ্কর ফুটবলার। সে তার গোল করার কোয়ালিটি প্রমাণ করেছে। তবে শুধু ওকে নিয়ে পড়ে থাকলে হবে না। পুরো ম্যান সিটিকে কিভাবে আটকানো যায় সেটাই আমাদের পরিকল্পনা।

রিয়ালের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া ম্যান সিটি। গেলোবার এই মাঠ থেকে লস ব্লাঙ্কো মিরাকেলের শিকার হয়ে ফিরতে হয়েছিল ইংলিশ জায়ান্টদের। থামতে হয়েছিল সেমিফাইনালেই। এবার সে ভুল করতে চায় না অতিথিরা।

ম্যান সিটি ক্ষুধার্থ ভালোই জানা রিয়ালের। তবে আত্মবিশ্বাসের কমতি নেই রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নদের। কোপা দেলরের শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়েই নামবে লস ব্লাঙ্কোস।

ম্যান সিটি ফুটবলার রদ্রি বলেন, ফুটবল আপনাকে প্রতিশোধ নেয়ার সুযোগ দেবে। আর আমরা দারুণ সময় কাটাচ্ছি। কোনো কিছুকে ভয় পাই না। আমরা শতভাগ বিশ্বাস করি আমরা ফাইনাল খেলব।

রিয়াল মাদ্রিদ ফুটবলার টনি ক্রুস বলেন, কয়েক বছরই প্রতিশোধের কথা শুনে আসছি। গত বছরও কেউ ভাবেননি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতব, কিন্তু আমরা তা করে দেখিয়েছি। জয়ের জন্য আমরা সর্বোচ্চ অনুপ্রাণিত। লড়াইটা মন্দ হবে না।

ইনজুরি কাটিয়ে রিয়াল একাদশে ফিরতে প্রস্তুত লুকা মদ্রিচ। ইনজুরিতে ছিটকে গেছেন দানি সেবায়োস। অনিশ্চিত ফারলান মেন্ডি। আর কার্ড জটিলতায় প্রথম লেগ মিস করবেন ডিফেন্ডার এদের মিলিতাও। সাইডলাইনে ম্যান সিটির নাথান আকে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading