‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার পাশে দাঁড়ানোয় শাবানাকে যা বললেন কঙ্গনা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ১১:৩০
গত ৫ মে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ অতীতের বিতর্কিত সব সিনেমাকে অতিক্রম করেছে ইতোমধ্যে। আদাহ শর্মা অভিনীত, সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি কেরালায় বিরোধিতার মুখে পড়েছে। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এবং তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোয় প্রদর্শন বন্ধ করা হয়েছে সিনেমাটির।
ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যজুড়ে সিনেমাটির পক্ষে-বিপক্ষে কথা চলছে এখন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় এ ব্যাপারে। সিনেমাটির পাশে দাঁড়িয়ে সোমবার (৮ মে) এক টুইট বার্তায় বলিউড অভিনেত্রী শাবানা আজমি লেখেন, ‘যারা দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার কথা বলে, তারা আমির খানের লাল সিং চাড্ডা নিষিদ্ধ করতে চেয়েছিল।’
এ অভিনেত্রী আরও বলেন, এই মুহূর্তে দ্য কেরালা স্টোরি সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে অনুমোদন পেয়েছে। এ অবস্থায় সিনেমাটি নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।
সংবাদমাধ্যম এই সময়ের খবর অনুযায়ী, এ প্রসঙ্গে প্রবীণ এই অভিনেত্রীকে বলি নায়িকা কঙ্গনা রানাওয়াত বলেন, ‘আমির খান অভিনীত সিনেমাটি নিষিদ্ধ করা হয়নি। এটি সত্যিই বৈধ একটি পয়েন্ট। লাল সিং চাড্ডায় নিষেধাজ্ঞার জন্য কেউ প্রশ্ন তোলেনি। দর্শকরা নানা কারণে দেখতে চায়নি সিনেমাটি।’
কঙ্গনা আরও বলেন, ‘সিনেমাটি না দেখতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে, এটি একটি খুব জনপ্রিয় পুরনো হলিউড ক্লাসিকের রিমেক। যা অধিকাংশ দর্শকই ইতোমধ্যে দেখেছে।’
আমির খানের এ সিনেমাটি ছিল টম হ্যাঙ্কসের একাধিক অস্কারজয়ী সিনেমা ‘দ্য ফরেস্ট গাম্প’-এর রিমেক। সিনেমাটি মুক্তির কয়েকদিন আগে বয়কটের ট্রেন্ড শুরু হয়েছিল সোশ্যালে। সিনেমাটি নিয়ে ইন্ডিয়ার ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং অভিনেত্রী কারিনা কাপুর খানের বিরুদ্ধে স্বজনপ্রীতি নিয়ে অতীতে বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে কঙ্গনার সঙ্গে নেটিজেনরাও একমত। তাদের মধ্যে একজন শাবানা আজমিকে জবাবে লিখেছেন, শাবানাজি, আপনি ঠিকই বলেছেন যে সেন্সর বোর্ডে পাস করা কোনো সিনেমার ওপর নিষেধাজ্ঞা চাওয়া, বিশেষ করে কোনো কারণ দেখিয়ে, তা একদমই ঠিক নয়। কেরালায় সিনেমাটি নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু লাল সিং চাড্ডা সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি।
ইউডি/এ

