রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া বৈধ: আইনজীবীকে ১ লাখ টাকা জরিমানা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ । আপডেট ১০:৪০
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সেই সঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি-দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। ৭ মার্চ এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন তিনি। ১২ মার্চ আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী বিষয়টি নিয়ে পৃথক একটি রিট আবেদন করেন।
অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউডি/এ

