চবির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৯ শতাংশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ । আপডেট ১১:১৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৬ ও ১৭ মে দুদিনে মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার শিফট মিলিয়ে মোট ৭৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৭৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সে হিসেবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৭৯ শতাংশ।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা সহসমন্বয়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা তথ্যগুলো নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) মোট ৩ শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ শিফটে মোট ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ইউডি/এ

