বাজারে পেঁয়াজের ঝাঁঝ বাড়ছেই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ মে ২০২৩ । আপডেট ১৪:৩০
সরবরাহের ঘাটতি না থাকলেও দাম বেড়েই চলছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ইন্ডিয়া থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে বাজারে। তারা জানান, গত মার্চ থেকে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে।
উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সরকার। এরপর গত এপ্রিল পর্যন্ত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকলেও মে মাস থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।
খিলক্ষেত কাঁচাবাজারে বাজার করতে এসেছেন রাসেল। তিনি বলেন, কাঁচাবাজারে ক্রেতাদের পকেট খালি হওয়া যেন থামছেই না; একটি শেষ হতে না হতেই আরেক পণ্যের দাম বাড়ছে। এবার পেঁয়াজের ঝাঁঝ টের পাচ্ছি। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় কিনেছি তা আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ২ লাখ ৪১ হাজার ৯০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। এতে উৎপাদন হয়েছে ৩৪ লাখ টন। প্রতিকূল আবহাওয়াসহ নানা কারণে প্রায় ৩৫ শতাংশের মতো পেঁয়াজ নষ্ট হলেও বর্তমানে মজুদ আছে প্রায় ১৮ লাখ টন। সে হিসেবে পেঁয়াজের সংকট হওয়ার কথা নয়, তবুও এক মাসের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে কেজিতে ৮০ টাকায় ঠেকেছে।
রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দু–তিন দিন আগের কেনা প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রেতারা ৮০ টাকায় বিক্রি করছেন। বুধবারের কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও এ দাম ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। পাইকারিতে এক পাল্লা (পাঁচ কেজি) ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকায়।
রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকার মুদির দোকানি সুমন আহমেদ বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে পেঁযাজ কিনতে হচ্ছে, তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আজ পেঁয়াজের বাজার ৮০ টাকা। যখন কেনা দাম কম পড়বে তখন আমরাও কম দামে বিক্রি করব। তবে পেঁয়াজের দাম বৃদ্ধির পর থেকে আমাদের মতো ছোট দোকানেও পেঁয়াজ বিক্রি কমেছে। আগে যদি কোনো ক্রেতা ২ কেজি পেঁয়াজ কিনতেন, এখন তারা এক কেজি করে কিনছেন।
রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, আমদানি পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা। যদিও বাজারে আমদানি পেঁয়াজ নেই বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তবে দামের সত্যতা রয়েছে ঢাকার নিত্যপণ্যের বাজারে।
ইউডি/কেএস

