রেমিট্যান্স: মে মাসে কমেছে ১০ শতাংশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ২১:৩০
সদ্য বিদায়ী মে মাসে দেশের রেমিট্যান্স প্রবাহ প্রায় ১০.২৭ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার (০১ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা মে মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১.৬৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১.৬৮ বিলিয়ন ডলার। গত মার্চে ২.০২ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাংলাদেশে আসে, যা ছিল ফেব্রুয়ারির আয়ের চেয়ে ৪৬ কোটি ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১.৫৬ বিলিয়ন ডলার। অপরদিকে জানুয়ারিতে ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯.৪১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯.১৯ বিলিয়ন ডলার।
ইউডি/এজেএস

