আফগানিস্তানের বিপক্ষে টেস্ট : কাপ্তান লিটন, নতুন মুখ দিপু-মুশফিক
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ জুন ২০২৩ । আপডেট ২০:০০
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সাদমান ইসলামের জায়গা হয়নি ১৫জনের এই দলে। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।
দলের দুই নতুন মুখ দিপু ও মুশফিকের দলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।
প্রথমবার দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য। যুব বিশ্বকাপের পর প্রত্যাশিত গতিতে এগোয়নি তার ক্যারিয়ার। তবে ঘরোয়া ক্রিকেটে প্রতিভার ছাপ রেখেছেন নানা সময়ে। তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন মূলত বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সে। গত ডিসেম্বরে ইন্ডিয়া ‘এ’ দলের বিপক্ষে সিলেটে খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে খেলেন ৭৩ ও ৫০ রানের দারুণ দুটি ইনিংস।
মুশফিকের ডাক পাওয়া বড় চমক মূলত তার অভিজ্ঞতা যথেষ্ট কম বলে। তবে এবার ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এবার জাতীয় লিগ দিয়ে তার লাল বলের ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে রংপুর বিভগের হয়ে ৬ ম্যাচে নেন ২৫ উইকেট। এই পারফরম্যান্সের পর তাকে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলে নেওয়া হয়। আনঅফিসিয়াল সেই টেস্টে নেন ৩ উইকেট।
পরে বিসিএলে ৪ ম্যাচে তার শিকার ছিল ১৬ উইকেট। এরপর এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে মোট ৫ উইকেট নেন শক্তপোক্ত গড়নের এই ২০ বছর বয়সী পেসার। এসব পারফরম্যান্সের হাত ধরে দ্রুত চলে এলেন তিনি টেস্ট দলেও।আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।
বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।
ইউডি/এজেএস

