আরও বিপাকে ট্রাম্প

আরও বিপাকে ট্রাম্প

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ জুন ২০২৩ । আপডেট ১২:১০

ভোটে হারা দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে সময়টা ভাল যাচ্ছে না সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার বিরুদ্ধে আরও বড় অভিযোগে চার্জশিট জমা পড়ল। সেখানে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার আগে আমেরিকার সরকারের গোপন নথি নিয়ে চলে গিয়েছিলেন তিনি।

২০২১ সালের জানুয়ারিতে যখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার রিসর্টে যান, তখন ট্রাম্প ট্রাঙ্ক ট্রাঙ্ক নথি নিয়ে গিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করেছে আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন। খবর দ্য ওয়ালের

এতে উল্লেখ করা হয়েছে, পারমাণবিক বিষয় সংক্রান্ত নথি থেকে শুরু করে সিআইএ, পেন্টাগনের বহু নথি নিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

আমেরিকার আইন অনুযায়ী সরকারের যেকোনও নথি প্রশাসনের হেফাজতেই থাকবে। ভোটে প্রেসিডেন্ট বদল হলে তার জামানার নথি তিনি ব্যক্তিগত হেফাজতে নিতে পারবেন না। এটি আমেরিকার জাতীয় সুরক্ষার প্রশ্নে গুরুতর অপরাধ। ট্রাম্পের ক্ষেত্রে সেইসব অভিযোগ এনেই ৩৭টি ফৌজদারি মামলা ও ৪১টি ধারায় সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে।

আগামী বুধবার মিয়ামি আদালতে সশরীরে হাজিরা দিতে হবে সাবেক আমেরিকার প্রেসিডেন্টকে।

আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন চার্জশিটে লিখেছে, বিষয়টি জানার পর ট্রাম্পের লোকজনের কাছে নথি চাওয়া হয়েছিল। তারা প্রথমে কিছু নথি হস্তান্তর করে। পরে ট্রাম্প নিজেও বেশ কিছু ফাইল তুলে দেয় ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের হাতে। তারপরও আরও নথি ট্রাম্প নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ।

আমেরিকার আইন সম্পর্কে ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্পের বড় শাস্তি হতে পারে। শুধু তাই নয়। দেশের যত কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেখানে যদি হাজিরা দিতে হয় তাহলেই তার বিড়ম্বনার শেষ থাকবে না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যে হুঙ্কার ট্রাম্প দিয়ে রেখেছেন সেই সুযোগ তিনি নাও পেতে পারেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading