বিএনপির নেতৃত্ব টপ টু বটম ব্যর্থ: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ জুন ২০২৩ । আপডেট ১৫:০০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে দলটির নেতৃত্ব পুরো ব্যর্থ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কারাগারে বন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এক হাজার লোকেরও মিছিল হয়নি।’
বুধবার (১৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক নিরাপত্তা প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্ব টপ টু বটম সবাই ব্যর্থ। তাদের নেত্রী বেগম জিয়া কারাগারে। তারা একটা ভালো আন্দোলন পর্যন্ত করতে পারেনি। বেগম জিয়ার মুক্তির দাবিতে ঢাকার রাজপথে এক হাজার লোকের একটা মিছিলও করতে পারেনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, ‘বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই, কারণ তাদের দলে কোনো সম্মেলন হয় না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি গণতন্ত্রের কথা বলেন, আর তার দল গত ১১ বছরে একটা সম্মেলন পর্যন্ত করতে পারেনি। গণতন্ত্র ভিতরেও চর্চা করতে হয়। গণতন্ত্র বাইরে প্রতিষ্ঠা করবে, নিজের ঘরেই তো গণতন্ত্র নাই। যার নিজের দলে গণতন্ত্রের চর্চা নেই, সে দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’
বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে স্বাধীন করেছে। বিএনপি আমলে এটি সরকারের অধীনস্থ সংস্থা ছিল।’
ইউডি/এ

