বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ জুন ২০২৩ । আপডেট ১৯:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মহিদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এসময় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। তিনি আরও জানান, চাঁদ অসুস্থ থাকায় সোমবার তার রিমান্ড শুনানি হয়নি। তাই বুধবার শুনানির তারিখ ধার্য করা হয়। সেই অনুযায়ী রিমান্ড শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই প্রেক্ষিতে আদালত আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
ইউডি/এ/এজেএস

