‘বন্ধুত্বের সফরে’ ঘুচল ইন্ডিয়া-পাকিস্তান সীমান্তের বৈরিতা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ । আপডেট ১১:০০
এ যেন ‘শত্রু’ দেশে ‘বন্ধুত্বের সফর’। সম্প্রতি পাকিস্তানি ব্লগার আব্রার হাসান সম্পন্ন করেছেন ৩০ দিনের ইন্ডিয়া ভ্রমণ। ইন্ডিয়ার নাগরিকদের উষ্ণ আতিথেয়তা ও দেশটির বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। বাইকে চেপে ৭ হাজার কিলোমিটার ইন্ডিয়া যাত্রার অভিজ্ঞতা একাধিক ভিডিওতে তুলে ধরেছেন এই ব্লগার। তার ভিডিও দেখে মুগ্ধ দুই দেশের নেটিজেনরা। আব্রারের ‘বন্ধুত্বের সফরে’ ঘুচে গেছে সীমান্তের বৈরিতা।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, কেরালাসহ দেশটির একাধিক রাজ্য ও শহর ভ্রমণ করেন ব্লগার আব্রার। নিজের ইউটিউবে চ্যানেল ‘ওয়াল্ডলেন্স’-এ ইন্ডিয়া ভ্রমণের একাধিক ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওগুলোতে ইন্ডিয়ার নদী-সমুদ্র-পাহাড়-মরুভূমি যেমন তুলে ধরেছেন আব্রার, তেমনই স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতা, বিভিন্ন রাজ্যের খাদ্য ও পোশাকের বৈচিত্র্য তুলে ধরেছেন, যা দেখে মুগ্ধ দুই দেশের নাগরিকরাই।
একাধিক ভিডিওতে ইন্ডিয়া সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন আব্রার। কেরালার ভিডিওতে বলেন, ‘কেরালাকে ঈশ্বরের আপন দেশ বলার কারণ রয়েছে। কেরালার ব্যাকওয়াটার মনোমুগ্ধকর। অবশ্য দ্রষ্টব্য।’ পাশাপাশি রাজস্থানের প্রেমে পড়েছেন ব্লগার। একটি ভিডিওতে হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে বলেন, ‘ইন্ডিয়ার বৃহত্তম রাজ্য রাজস্থান। ল্যান্ড অব কিংস নামেও পরিচিত। আকর্ষণীয় সংস্কৃতির আবাসস্থল। এছাড়াও রয়েছে অসংখ্য সুন্দর দুর্গ, প্রাসাদ, মন্দির ও মসজিদ। এখানে আমি অপূর্ব হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে রয়েছি।’
আব্রারের ভিডিওগুলোর কমেন্ট বক্স মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পাকিস্তানের বহু মানুষ। একজন লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে পাঞ্জাব। দুবার দেখেছি।’ এক ইন্ডিয়ান দর্শক বন্ধুত্বপূর্ণ সফরের জন্য ধন্যবাদ জানিয়েছেন এই ব্লগারকে। তিনি মন্তব্য করেন, ‘আব্রার ভাই আমাদের দেশকে এত সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মা-বাবা সঙ্গে বসে রোজ রাতের খাবার খেতে খেতে আপনার ব্লগ দেখতাম।’ আরও লেখেন, ‘আপনি যখন সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তখন আমার বাবা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সবকিছুর জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা।’
ইতোমধ্যেই ৮০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন আব্রার। যার মধ্যে অন্তত ১২টি দেশ ভ্রমণ করেছেন মোটরসাইকেলে অর্থাৎ বাইকে। ২০২২ সালে তার স্বপ্ন ছিল, বাইক চালিয়ে সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করবেন। অবশেষে ৫০ দিন বাইক চালিয়ে সৌদিআরব পৌঁছান ভ্রমণপ্রেমী এ তরুণ। আরব নিউজের খবরে বলা হয়েছে, আবরার হাসান জার্মানির একটি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার জন্মশহর নানকানা
সাহিব থেকে গত ৯ ফেব্রুয়ারি তিনি বাইকে যাত্রা শুরু করেন। ৫০ দিন বাইক চালিয়ে গত ২৭ মার্চ মদিনায় পৌঁছান। সেখান থেকে মক্কা নগরীতে গিয়ে ওমরাহ পালন করেন আবরার। এ প্রসঙ্গে আরব নিউজকে ভ্রমণপ্রেমী এই তরুণ বলেন, আমার সারা জীবনের স্বপ্ন ছিল মোটরবাইকে করে সৌদি আরব যাব। অবশেষে এই বছর আমার সেই স্বপ্ন পূরণ হয়। অনেক অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কাছে এই ভ্রমণের সব কিছুই অন্যরকম ছিল। আর এই ভ্রমণকালের প্রতি মুহূর্তকে আমি ভালোবাসি।
ইউডি/এ

