কোরবানির পশুর চিকিৎসায় হাটে ডিএসসিসির টিম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ । আপডেট ১২:০৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অস্থায়ী পশুর হাট বসছে নয়টি। এসব হাটে কোরবানির জন্য উঠতে যাওয়া গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ভেটেরিনারি টিম গঠন করেছে দক্ষিণ সিটি।
এ বিষয়ে ডিএসসিসি সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব আব্দুল্লাহ আসিফ জয় স্বাক্ষরিত একটি দাফতরিক আদেশও জারি করা হয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেটেরিনারি মেডিকেল টিমের সার্বিক তত্ত্বাবধায়নে ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরা কোরবানির পশুর হাটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক স্থাপিত কন্ট্রোল রুমে অবস্থান করবেন। সেই সঙ্গে হাটের যাবতীয় কার্যক্রমে লক্ষ্য রাখা ছাড়াও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করবেন। সবমিলিয়ে টিমের সদস্যরা ঈদুল আজহার আগের তিন দিন অস্থায়ী এসব হাটে দায়িত্ব পালন করবেন।
ডিএসসিসি এলাকায় নয়টি অস্থায়ী এবং সারুলিয়ায় একটি স্থায়ী হাট রয়েছে। অস্থায়ী পশুর হাটগুলো হলো- উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটন ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ী দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা ও আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।
ইউডি/কেএস

