আলিয়ার হলিউড সিনেমার ট্রেলার প্রকাশ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ জুন ২০২৩ । আপডেট ১২:১০
অপেক্ষার অবসান। প্রকাশ্যে ‘হার্ট অব স্টোন’ ছবির ট্রেলার। টম হার্পার পরিচালিত এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি আলিয়া ভাটের। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন হলিউডের দুই প্রথম সারির তারকা, গ্যাল গ্যাদোত ও জেমি ডরনান। দুই মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারজুড়ে কেবল টানটান অ্যাকশন। ‘মিশন ইম্পসিবল’-এর নির্মাতারাই তৈরি করেছেন ‘হার্ট অব স্টোন’। ট্রেলারে বেশ কিছু দৃশ্য টম ক্রুজ অভিনীত অ্যাকশন-থ্রিলারটির কথা মনে করিয়ে দেবে।
ছবিতে আলিয়ার চরিত্রের নাম কেয়া ধাওয়ান। একজন দক্ষ হ্যাকারের ভূমিকায় দেখা যায় তাকে। পর্দায় গ্যাল ও আলিয়ার চরিত্রে দ্বৈরথ চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শক। এক দশকের ক্যারিয়ারে পর্দায় নানা পরীক্ষা-নিরীক্ষা করলেও পুরোদস্তুর অ্যাকশন ছবিতে এই প্রথম কাজ করলেন আলিয়া।
ইন্ডিয়ার দর্শকদের মধ্যে এই ট্রেলার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, ট্রেলারে খুব অল্প সময়ের জন্য দেখা গিয়েছে আলিয়াকে। প্রশ্ন উঠছে, ছবিতে আদৌ গুরুত্ব পাবে তো তার চরিত্র? নাকি শুধুই ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানার জন্য আলিয়াকে নেওয়ার সিদ্ধান্ত? এসবের উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির পর।
ইউডি/কেএস

