উখিয়া ক্যাম্পে ফের গোলাগুলি, নিহত ১
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ জুন ২০২৩ । আপডেট ১৭:১০
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমাম হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। ইমাম হোসেন রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পের একজন সাব মাঝি জানান, সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এসময় ইমাম হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ক্যাম্প-৯ এর একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমাম হোসেনের মৃত্যু হয়। মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ওসি মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গেল শনিবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে নুর হোসেন ভুট্টো (৪২) সাব মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
ইউডি/কেএস

