টাইটানিকের ধ্বংসস্থল এখনও কেন বিপজ্জনক?
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ জুন ২০২৩ । আপডেট ১২:০০
সাগরতলে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবোজাহাজ টাইটানের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, গভীর সমুদ্রে এমন একটি অভিযানে কী ধরনের ঝুঁকি রয়েছে। ১৯১১ সালের শরতের কোনো এক সময়ে গ্রিনল্যান্ডের বিশাল বরফ স্তরের দক্ষিণ-পশ্চিমের একটি হিমবাহ থেকে বরফের একটি বিশাল খণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। পরের ক’মাস ধরে এটি ধীরে ধীরে দক্ষিণ দিকে ভেসে যায়। ভাসতে থাকার সময় সমুদ্রের স্রোত আর বাতাসের ধাক্কায় হিমশৈলটি ধীরে ধীরে গলতে শুরু করে।
এরপর ১৯১২ সালের ১৪ই এপ্রিলের শীতল আর চাঁদ-হীন এক রাতে ১২৫ মিটার (৪১০ ফুট) দীর্ঘ ওই আইসবার্গটির সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিকের ধাক্কা লাগে। আমেরিকার উদ্দেশে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে ছেড়ে জাহাজটির সেটি ছিল প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ১৫০০’রও বেশি যাত্রী এবং জাহাজের ক্রু ঐ ঘটনায় প্রাণ হারায়। টাইটানিকের ধ্বংসাবশেষ এখন ক্যানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় ৪০০ মাইল (৬৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এক জায়গায় রয়েছে। এখানে সাগরের গভীরতা প্রায় ৩.৮ কিলোমিটার (১২,৫০০ ফুট)।
হিমশৈল বা আইসবার্গগুলি এখনও জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি তৈরি করে – ২০১৯ সালের মার্চ থেকে আগস্ট মাসে ১,৫১৫টি আইসবার্গ দক্ষিণ দিকে ভেসে আটলান্টিক সাগরে জাহাজ চলাচলের পথে ঢুকে পড়েছিল। কিন্তু টাইটানিকের চির-বিশ্রামের জায়গাটিতে এখনও কিছু ঝুঁকি রয়েছে। এর মানে হলো, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ ধ্বংসের জায়গাটি দেখতে গেলে বেশ উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচজন যাত্রীসহ ছোট ডুবোযানটি, যাকে সাবমার্সিবল বলা হয়, সেটির নিখোঁজ হওয়ার পর বিবিসি দেখতে চেয়েছে আটলান্টিক সাগরের তলদেশে ঐ জায়গাটি আসলে কতটা বিপজ্জনক।
গভীর সমুদ্রে ডুবোযান পরিচালনা
সমুদ্রের গভীরে কোন আলো নেই, একেবারেই অন্ধকার। সাগরের পানি খুব দ্রুত সূর্যালোক শোষণ করে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ মিটার (৩,৩০০ ফুট)-এর চেয়ে বেশি গভীরে সূর্যালোক পৌঁছে না। এর নিচে সাগরের যে কোনও জায়গা অতল অন্ধকারে ডুবে রয়েছে। আর ঠিক একারণেই টাইটানিক যে জায়গায় ডুবে আছে সেটি ‘মিডনাইট জোন’ নামে পরিচিত। আগে যারা সাবমার্সিবল নিয়ে ঐ জায়গায় গিয়েছিল তাদের অভিজ্ঞতা থেকে জানা যায়, সম্পূর্ণ অন্ধকারের মধ্য দিয়ে দু’ঘণ্টারও বেশি সময় ধরে সাগরের গভীরে নামার পর সাবমার্সিবলের আলোর নিচে হঠাৎ করেই সমুদ্রের তলদেশ এবং টাইটানিকের ধ্বংসাবশেষের কাঠামো ফুটে ওঠে।
একটি ট্রাকের সাইজের সমান সাবমার্সিবলের লাইটের আলোয় কয়েক মিটারের বেশি দেখা যায় না। ফলে দিক হারানোর সম্ভাবনা থাকে বেশি। একারণে এরকম গভীরতায় ডুবোযান পরিচালনা করা একটি চ্যালেঞ্জিং কাজ। গত কয়েক দশক ধরে হাই রেজোলিউশন স্ক্যানিং করে টাইটানিকের ধ্বংসস্থলের একটি বিশদ মানচিত্র তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করে কোথায় কী আছে তা দেখা যায়। এছাড়া, সোনার সঙ্কেত পাঠানোর যেসব যন্ত্র বসানো হয়েছে তা ব্যবহার করেও সাবমার্সিবলের ক্রুরা দৃষ্টিসীমার বাইরে বিভিন্ন বস্তু এবং টাইটানিকের খোলের বিভিন্ন দিক সনাক্ত করতে পারেন।
সাবমার্সিবলের পাইলটরা ‘ইনারশিয়াল ন্যাভিগেশন’ নামেও একটি পদ্ধতি ব্যবহার করেন। এতে অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপের সাহায্যে তাদের অবস্থান এবং দূরত্ব ট্র্যাক করা যায়। ওশানগেট কোম্পানির টাইটান সাবমার্সিবলটিতেও একটি অত্যাধুনিক ইনারশিয়াল ন্যাভিগেশন সিস্টেম রয়েছে, যা সমুদ্রের তলদেশে ডুবোযানটির গভীরতা এবং গতি পরিমাপ করতে পারে। কিন্তু এসব অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও ওশানগেটসহ টাইটানিকের আগের ভ্রমণ যাত্রীরা বর্ণনা করেছেন সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর পথ খুঁজে পাওয়া কতটা কঠিন ছিল। একজন মার্কিন টিভি কমেডি লেখক মাইক রেইস গত বছর ওশানগেটের সাথে টাইটানিক ভ্রমণে অংশ নিয়েছিলেন। তিনি বিবিসিকে বলেছেন, যখন আপনি নিচে পৌঁছুবেন, তখন আপনি সত্যিই জানবেন না যে আপনি কোথায় রয়েছেন। সমুদ্রের তলদেশের কোথাও টাইটানিক রয়েছে জেনেও আপনার অবস্থা হবে একজন অন্ধের মতো। এতটাই অন্ধকার যে সমুদ্রের তলদেশে টাইটানিকের মতো বিশাল আকৃতির জিনিসটি মাত্র ৫০০ গজ (১,৫০০ ফুট) দূরে থাকলেও সেটিকে খুঁজে বের করতে আমাদের ৯০ মিনিট সময় লেগেছে।
সাগরের গভীরে পানির চাপ
কোনও বস্তু সমুদ্রের যত গভীরে যায় তার চারপাশে পানির চাপ ততই বাড়তে থাকে। সমুদ্রতলে ৩,৮০০ মিটার (১২,৫০০ ফুট) পানির নিচে টাইটানিক এবং তার চারপাশের সবকিছু প্রায় ৪০এমপিএ চাপ সহ্য করছে, যা সমুদ্রের পিঠে পানির চাপের তুলনায় ৩৯০ গুণ বেশি। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের রেজিলিয়েন্স সেন্টারের সমুদ্র বিষয়ক গবেষক রবার্ট ব্লাসিয়াক বিবিসিকে বলেছেন, বোঝানোর জন্য বলছি: ওখানে পানির চাপ আপনার গাড়ির টায়ারের চাপের প্রায় ২০০ গুণ বেশি। তাই আপনার প্রয়োজন হবে এমন একটি সাবমার্সিবল যার দেয়াল সত্যিই অনেক পুরু। টাইটান সাবমার্সিবলটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কার্বন ফাইবার এবং টাইটানিয়াম নিয়ে তৈরি এর দেয়াল সর্বোচ্চ ৪,০০০ মিটার (১৩,১২৩ ফুট) পর্যন্ত গভীরতায় পৌঁছুতে পারে।
সাগরের চোরা স্রোত
সমুদ্রের উপরিভাগের শক্তিশালী স্রোতে নৌকা কিংবা মানুষ ভেসে যেতে পারে, এটা আমাদের সবারই জানা। কিন্তু গভীর সমুদ্রে জলের নিচেও রয়েছে চোরা স্রোত। যদিও এসব স্রোত সমুদ্রপৃষ্ঠের স্রোতের মতো অতোটা শক্তিশালী না, তবুও এগুলির কারণে প্রচুর পরিমাণে জল এদিক ওদিক হয়। সমুদ্রপৃষ্ঠের বাতাস নিচের জলের স্তম্ভকেও প্রভাবিত করতে পারে। গভীর জলের মধ্যে জোয়ার-ভাটা, কিংবা তাপমাত্রা এবং লবণাক্ততার কারণেও জলে ঘনত্বের পার্থক্য দেখা দিতে পারে, যা থার্মোহেলাইন স্রোত নামে পরিচিত। ‘বেন্থিক স্টর্ম’ হিসাবে পরিচিত বিরল প্রাকৃতিক ঘটনা শক্তিশালী এবং বিক্ষিপ্ত স্রোত তৈরি করতে পারে যা সমুদ্রতলে পড়ে থাকা জিনিসপত্রকে তার জায়গা থেকে ঠেলে সরিয়ে দিতে পারে।
টাইটানিক যখন ডুবে যায় তখন সেটি ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছিল। এর চারপাশে পানির স্রোত সম্পর্কে কী তথ্য রয়েছে তা জানা যায় সমুদ্রতলের প্যাটার্ন এবং ধ্বংসাবশেষের চারপাশে স্কুইডের চলাচল থেকে। টাইটানিকের ধ্বংসাবশেষের একটি অংশ ‘ওয়েস্টার্ন বাউন্ডারি আন্ডারকারেন্ট’ নামে পরিচিত ঠাণ্ডা, দক্ষিণামুখী এক জলের প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত এক জায়গায় অবস্থিত বলে জানা যায়। এই “তলানির স্রোত” সমুদ্রের তলদেশে পলি এবং কাদার মধ্যে বালিয়াড়ি এবং ফিতা-আকৃতির নকশা তৈরি করে, যা থেকে বিজ্ঞানীরা এর শক্তি সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। সমুদ্রতলে যেসব নকশা তারা পর্যবেক্ষণ করেছেন তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এসব নকশার বেশিরভাগই তৈরি হয়েছে অপেক্ষাকৃত দুর্বল থেকে মাঝারি স্রোতের কারণে।
টাইটানিকের ধ্বংসাবশেষের জায়গার পূর্ব প্রান্ত বরাবর বালির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐ জাহাজের নানা জিনিসপত্র, কয়লা এবং জাহাজের কিছু ভগ্নাংশ। এখানকার বালির নকশা থেকে জানা যায় যে এখানে পূব থেকে পশ্চিমমুখী স্রোত রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ধ্বংসাবশেষের মূল জায়গাটিতে রয়েছে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিমমুখী স্রোত। টাইটানিকের গলুইয়ের দক্ষিণ দিকের স্রোতগুলি বিশেষভাবে পরিবর্তনশীল বলে মনে হয় – উত্তর-পূর্ব থেকে উত্তর-পশ্চিম এবং সেখান থেকে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত।
ইউডি/এ

