‘অপশক্তির ধাক্কায় সরকার ভেঙে পড়বে না’
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ জুন ২০২৩ । আপডেট ১৭:০০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন টেলিভিশনের সামনে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে নানা সময়ে উদ্ভট কথাবার্তা বলছে। বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশি অপশক্তির ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়। ২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছেন, পতন ঘটাচ্ছেন।
সোমবার (২৬ জুন) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিদেশিদের চাপ প্রসঙ্গে হানিফ বলেন, ‘কোনও চাপের কাছে নতি স্বীকারের দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ নির্বাচনকে গুরুত্ব দেয়। আর বিএনপি নির্বাচনকে খেলা হিসেবে নেয়, তারা মনোনয়ন বাণিজ্য করে। এজন্য পরাজিত হয়।’
হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতার শেষ দিকে আছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। এখন বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

