দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ঈদে মানুষের আনন্দ নেই: ফখরুল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ । আপডেট ২০:৩০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার অনিয়ন্ত্রিত, সরকারের অব্যস্থাপনা, দুর্নীতি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করার কারণে বাংলাদেশের মানুষের জীবন এখন অসহায় অবস্থায় রয়েছে। এ কারণে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের কোনো বার্তা নিয়ে আসেনি।
তিনি বলেন, ঈদ মানেই উৎসব কিন্তু এবার সাধারণ মানুষ কোনো উৎসব করতে পারছে না। এই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঠাকুরগাঁও শহরে ঈদের নামাজ শেষে কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে রাজনীতিতে কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। যে কারণে আজকে একটি দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তারেক জিয়া দেশে না থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই তিনি দেশে ফিরে আসবেন।
জাতীয় পার্টিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার যে আন্দোলন হচ্ছে সেটি যুগপৎ আন্দোলন। সকল দল তাদের নিজেদের জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। জাতীয় পার্টি অতীতে যা করেছে সেটা তারা যদি ভুল মনে করে এবং যদি এবার মনে করে তারা এই সরকারে অধীনে নির্বাচন করবে না তাহলে আমি তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই। জাতীয় পার্টি যদি তাদের এই অবস্থানে অনড় থাকে তাহলে তাদের স্বাগত জানাই।
পরে তিনি নিজ বাসভবনে সাধারণ মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।
ইউডি/সিফাত

