১৩ বছর পর নির্বাচন, বেনাপোলে ভোটারদের ব্যাপক উপস্থিতি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুলাই ২০২৩ । আপডেট ১২:০০
প্রায় ১৩ বছর পর যশোরের বেনাপোল পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্র বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী-পুরুষ ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। এই কেন্দ্রের আলাদা বুথে নারী ও পুরুষের সারিবদ্ধ লাইন দেখা যায়।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪০৩ জন। যার মধ্যে নারী এক হাজার ২৫৫ এবং পুরুষ ভোটার এক হাজার ১৪৮ জন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীকে লড়ছেন ব্যবসায়ী নেতা মফিজুর রহমান সজন।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৭ এবং সংরক্ষিত নারী আসনে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৩৮৫ জন ।
২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টি গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠনের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে আর কোনও নির্বাচন হয়নি। ২০২২ সালের ২৭ এপ্রিল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইউডি/এ

