স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দে‌বেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দে‌বেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ । আপডেট ১৭:২০

স্বাধীনতাবিরোধী শক্তি ও রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত আলোচনা সভা ও ‘ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ব‌লেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যথায় দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তিশালী কোনো বিরোধী দল নেই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ বহির্বিশ্বের কাউকে খাজনা দিয়ে চলে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই এদেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।

কে এম খালিদ বলেন, তরুণ প্রজন্ম ফেসবুকসহ স্ক্রিন টাচের নেশায় আসক্ত। এটি মাদকের চেয়েও ভয়াবহ। এসব কারণে তাদের প্রতিভা সঠিকভাবে বিকশিত হচ্ছে না। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। তাদের দেশ-বিদেশের সব বিষয়ে জ্ঞান রাখতে হবে।

ট্র্যাবের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠান, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কে এম এ আল ফাহাদ বিন সগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্র্যাবের সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৯ জন‌কে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading