সবুজায়নে পরিবেশবাদীদের নিয়ে ডিএনসিসির কমিটি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জুলাই ২০২৩ । আপডেট ১৩:১০
পরিবেশবাদী ও সচেতন সমাজ বলছেন— সুপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থাপনার মাধ্যমে সবুজ অঞ্চল সংরক্ষণই ঢাকাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। কিন্তু দিন দিন রাজধানীতে সবুজায়ন কমে যাচ্ছে। এর অন্যতম কারণ পেশি কিংবা রাষ্ট্রীয় শক্তি কাজে লাগিয়ে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও বনায়ন না করা। তবে পরিবেশবাদী ও সচেতন সমাজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরিকল্পিত সবুজায়নে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ১২ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এনিয়ে ইতোমধ্যে সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, সিটি করপোরেশন এলাকায় সবুজায়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সবুজ এলাকা চিহ্নিতকরণ, নতুন সবুজ এলাকার সন্ধান, সবুজায়নের জন্য টেকসই গাছ ও ঘাসসহ উদ্ভিদ বাছাই করা, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন, চার পাঁচ ফিট গাছ রোপণ, বাস্তবায়ন পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট Planned Urban Cireen Policies and Strategies কৌশলপত্রটি পর্যালোচনা ও চূড়ান্ত করবে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসি প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম।
এছাড়াও কমিটিতে অন্য সদস্যরা হলেন, ডিএনসিসি প্রধান প্রকৌশলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, কৃষি সম্প্রসারণ অধিদফতরে মহাপরিচালক, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক, ইসস্টিটিউট অব ফরেস্টর্স বাংলাদেশ সাভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি, বাংলাদেশ ইসস্টিটিউট আব প্লানার্স (বিআইপি) সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সভাপতি, গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন সভাপতিসহ স্থপতি ইকবাল বাহিব।
ইউডি/কেএস

