জরুরি সার্জারি লাগবে নেতানিয়াহুর, বসানো হবে পেসমেকার
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুলাই ২০২৩ । আপডেট ১১:৩০
ইসরায়েলে বিচারিক কাঠামো নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় ভোটের আগে জরুরি হার্ট সার্জারির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সার্জারিতে ৭৩ বছর বয়সী নেতানিয়াহুর হার্টে পেসমেকার স্থাপন করা হবে। ১ সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল – গ্যালিল সাগরে ছুটি কাটানোর সময় অধিক গরমে ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে তিনি তেল হাশেমোরের ‘সেবা মেডিকেল সেন্টার’-এ ভর্তি হয়েছেন।
একই হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রবিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বলা হয়েছে, অফিসে তার অনুপস্থিতিতে উপবিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তার বিচারিক কাঠামো নিয়ে করা পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন।
নেতানিয়াহু আরও জানিয়েছেন, ডাক্তাররা তাকে নিশ্চিত করেছেন সোমবারের সংসদীয় ভোটের আগেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে শনিবার রাতেও লাখো ইসরায়েলি নেতানিয়াহুর বিচারিক কাঠামো পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে জেরুজালেমের রাস্তায় বিক্ষোভ করেছেন। এমনকি পার্লামেন্ট ভবন নেসেট ঘিরে তারা অবস্থান নেয়।
সমালোচকরা বলে থাকেন, এই প্রস্তাবনা পাশের মাধ্যমে তিনি আদালতের স্বাধীনতা খর্ব করতে চান, কারণ তার বিরুদ্ধে দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে। এ ইস্যুতে তাকে একবার প্রধানমন্ত্রীর পদ ছাড়তেও হয়।
ইউডি/এ

