ট্রেলারে রহস্য বাড়াল ‘সাড়ে ষোলো’

ট্রেলারে রহস্য বাড়াল ‘সাড়ে ষোলো’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ আগস্ট ২০২৩ । আপডেট ০৯:০০

বড় পর্দার পর এবার ওটিটির পর্দায় রহস্য নিয়ে হাজির হলেন অভিনেতা আফরান নিশো। আগামী ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। এতে একজন আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন নিশো।

শনিবার (৫ আগস্ট) প্রকাশিত ট্রেলারে রহস্যের জাল ফেলেছেন নির্মাতা। সেই রহস্যভেদ করতে অপেক্ষা করতে হবে সিরিজটি মুক্তি পর্যন্ত। এমনটাই জানিয়েছেন পরিচালক ইয়াসির আল হক।

সিরিজের গল্পে দেখা যাবে, ভায়োলেট ইন নামে এক অভিজাত হোটেলের সাড়ে ষোলো তলার বিলাসবহুল পর্দার পেছনে রয়েছে গোপন রহস্য আর অমীমাংসিত কিছু ঘটনা। মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেল এমন সব প্রতারণার জালের মধ্য দিয়ে গেছে, যেখানে তুখোড় গোয়েন্দাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।

নির্মাতা ইয়াসির আল হক বলেন, ‘যেহেতু ট্রেলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজমাত্র, তাই সিরিজের আসল ঝলক দেখতে দর্শকদের ১৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তিনি জানান, এতে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে রেজার জীবন একটি জটিল মোড় নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী, পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ ও রেজার স্ত্রী আয়েশা চরিত্রে কাজী নওশাবা আহমেদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading