বিএনপির গণতন্ত্রমনারা নির্বাচনে না এসে ভুল করেছেন: আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:২০
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নৌকার কান্ডারি আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির গণতন্ত্রমনা যারা আছেন তারা নির্বাচনে না এসে ভুল করেছেন। কারণ তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা নেননি।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী আসনের পানিয়ারূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ভোট দেয়া একটি আনন্দের বিষয়। তাই আমি আজ অত্যন্ত আনন্দিত। সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এর মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আজ আমাদের যে ভোট হচ্ছে, তা গণতন্ত্র রক্ষার ভোট। আমরা বিজয়ী হয়ে ইনশাআল্লাহ গণতন্ত্রকে রক্ষা করব।
বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে অন্যায় কিছু করলে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। কারণ বাংলাদেশে আইনের শাসন আছে। বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। জনগণ হরতালকে প্রত্যাখ্যান করেছে।
ট্রেনে আগুন সন্ত্রাসের বিষয়ে আনিসুল হক বলেছেন, ‘যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। তদন্তের পর তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেখানে দোষী প্রমাণিত হলে, তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে।’ আইনমন্ত্রীর সঙ্গে এসময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইউডি/সিফাত

