ভোটে কারচুপির বালাই নাই: বিপ্লব বড়ুয়া

ভোটে কারচুপির বালাই নাই: বিপ্লব বড়ুয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে কোনো ধরনের কারচুপির বালাই নাই বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখার পর রবিবার (৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, একটি অপশক্তি নির্বাচনকে চ্যালেঞ্জ করছিল। বিএনপি-জামায়াতের নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে ভীতি-আতঙ্ক-বৈরী পরিবেশ সৃষ্টি, নানামুখী ষড়যন্ত্রের পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ভোট আগেই হয়ে যাবে, বিএনপির এমন প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হয়েছে। অবাধ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছিল, তার প্রাথমিক বিজয় হয়েছে।

সবার সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সমাপ্ত হবে জানিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বলেন, নির্বাচনের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী।

ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য মিলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯৯ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এদের মধ্যে থাকছেন বিদেশি গণমাধ্যমকর্মীও।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading