কুমিল্লায় ছয় নতুন মুখ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৪৫
কুমিল্লার ১১টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি হলেন দুই জন। বাকি সাতটিতে নৌকার প্রার্থীরা জিতেছেন। এর মধ্যে পাঁচ জন বর্তমান সংসদ সদস্য এবং দুই নতুন মুখ। নৌকা হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন কুমিল্লা-২ আসনে মো. আব্দুল মজিদ, কুমিল্লা-৩ আসনে জাহাঙ্গীর আলম, কুমিল্লা-৪ আসনে মো. আবুল কালাম আজাদ ও কুমিল্লা-৫ আসনে এম এ জাহের।
নৌকার দুই নতুন মুখ হলেন কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুস সবুর এবং কুমিল্লা-৮ আসনে এ জেড এম শফিউদ্দিন শামীম। নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা।
কুমিল্লা-১ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আব্দুস সবুর। কুমিল্লা-২ আসনে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের আব্দুল মজিদ।
কুমিল্লা-৩ আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ৮৩ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট। এই আসনে দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। দুই কেন্দ্রের ভোটার সংখ্যা আট হাজার ১৯০।
কুমিল্লা-৪ আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ। আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করে বিজয়ী হন।
কুমিল্লা-৫ আসনে জয়ী হয়েছেন কেটলি প্রতীকের এম এ জাহের। এম এ জাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করে বিজয়ী হন।
কুমিল্লা-৬ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা-৭ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।
কুমিল্লা-৯ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাজুল ইসলাম।
কুমিল্লা-১০ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কুমিল্লা-১১ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের মুজিবুল হক। তিনি বর্তমান সংসদ সদস্য। এই আসনের স্থগিত করা হয় তিন কেন্দ্রের ভোট। তিন কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৯৮।
জয়ের প্রতিক্রিয়ায় কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমার এলাকার মানুষ সবাই আমাকে ভালবাসে । সবাই এই পরিবর্তন চেয়েছিলেন । সবাই মিলে আমার সংসদীয় এলাকার উন্নয়ন করবো। উন্নয়নবঞ্চিত এলাকাবাসী করোনা মহামারিতে কাউকে পায়নি। আমি পাশে ছিলাম। সমাজসেবামূলক কাজ, দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ মনোবল আমাকে জয়ী করেছে। দলের জ্যেষ্ঠ ও তরুণ নেতাদের কাছে আমি কৃতজ্ঞ।
ইউডি/এআর

