ব্যবসায় নেমেই যা বললেন শাকিব খান
উত্তরদক্ষিণ । রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০
দীর্ঘদিন ধরে ঢালিউডে বিচরণ শাকিব খানের। যতটা খ্যাতি প্রয়োজন তার সবটাই পেয়েছেন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে গেছেন। তবে পরিচয় ছিল একটাই। রূপালি পর্দার নায়ক। এবারের গল্পটি অন্যরকম। নতুন এক পরিচয়ে আসছেন শাকিব।
এবার ব্যবসায় নামলেন শাকিব খান। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। হিসেবে শুরু করছেন তার নতুন কর্মজীবন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও। যার প্রসাধনী পণ্য বিপণন হচ্ছে বিশ্বজুড়ে।
শনিবার এ উপলক্ষে রাজধানির এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই শাকিব খানের ব্যবসায় নামার সংবাদ জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘আমি আজকে ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সঙ্গে এ–ও ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি আলাপ করেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে—তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে, সহজলভ্য হবে, কিন্তু মানে ও গুণে হবে সেরা।’
অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।
শাকিব এই মুহূর্তে ব্যস্ত আছেন একাধিক ছবির কাজে। প্রায় শেষের দিকে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদে’র কাজ। এর নির্মাতা অনন্য মামুন। শুটিং চলছে হিমেল আশরাফের ‘রাজকুমারে’র। অন্যদিকে প্রস্তুতি চলছে ‘তুফান’ সিনেমার। এতে শাকিব অভিনয় করবেন রায়হান রাফীর পরিচালনায়।
ইউডি/কেএস

