সাকিবের চোখের সর্বশেষ অবস্থার কথা জানালো বিসিবি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৮:৩০
বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। যে কারণে সম্প্রতি দেশে এবং দেশের বাইরে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই লন্ডন থেকে চোখের ডাক্তার দেখিয়ে এসে বিপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। কিন্তু সেখানেও দেখা গেছে তার চোখের সমস্যা।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েছেন তিনি। সাকিব আল হাসানের চোখের সমস্যার বিস্তারিত বর্ণনা দিয়ে আজ সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই স্পষ্ট করে বিসিবি জানিয়েছে, কী সমস্যা রয়েছে সাকিবের চোখে এবং চিকিৎসার পদ্ধতিটা কী। যদিও কতদিন সময় লাগবে চিকিৎসায়, সেটা জানানো হয়নি।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব বাম চোখে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) সমস্যায় ভুগছেন। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে। আপাতত বিসিবির পর্যবেক্ষণে থাকবেন বাংলাদেশ দলের অধিনায়ক।
বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপ খেলে দেশে ফিরেও ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর যান লন্ডনে। সর্বশেষ গেলেন সিঙ্গাপুর।
জানা গেছে, অতিরিক্ত মানসিক চাপের কারণে মেকুলায় তরল জমা হয়েছে। যা সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি নামে পরিচিত। আপাতত বিসিবির অধীনে দেখভাল করা হবে সাকিবের চোখের সমস্যাটি। পর্যবেক্ষণ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
বিসিবির বিবৃতিতে তিনি বলেন, ‘সাকিব বাম চোখের সুক্ষ্ম সমস্যায় ভুগছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি এমন একটি অবস্থা যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। যা দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিক্যাল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে।’
বিসিবি সাকিবের চোখের চিকিৎসায় তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সময়মত তারা নিজেরাই আপডেট জানাবে বলে জানিয়েছ।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আজই দেশে ফিরে আসবেন সাকিব এবং বিপিএলে সিলেট পর্বেই তিনি যোগ দেবেন নিজের দল রংপুর রাইডার্সে।
ইউডি/কেএস

