সংরক্ষিত নারী আসনের তফসিল কাল
উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৩০
সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল আগামীকাল মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোট গ্রহণের দিন তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার ক্ষমতাসীনদের সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠকে বসবে ইসি। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিশন বৈঠকের পরেই তফসিল ঘোষণা করা হবে।
ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে। কমিশন বৈঠকের পরে সব কিছু জানিয়ে দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র এমপিরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি। আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে দুজন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।
ইউডি/এজেএস

