সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম
উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে তারা সবচেয়ে বড় বাধা। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, এটাই তাদের মূল লক্ষ্য। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এই বিএনপি-জামায়াত আর যাই হোক আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বিএনপি-জামায়াত তা চায় না। আমরা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকি তা এই অপশক্তি চায় না। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। এখন তারা আবার কচ্ছপের মতো মাথা বের করে নানা সমস্যা সৃষ্টি করার জন্য নতুন কর্মসূচি দিচ্ছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। শহর, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করতে হবে। দক্ষ, সৎ ও সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের ভিত্তিকে আরও শক্তিশালী করবো। আমাদের শুধু নির্বাচনে জিতলেই হবে না, জেতার পর আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করা। যারা দেশের ক্ষতি করতে চাইবে আমরা দেশের মানুষদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবো।
ইউডি/এজেএস

