গ্র্যামি অ্যাওয়ার্ডস : সব আলো কেড়ে নিলেন টেলর সুইফট
উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:২৫
গ্র্যামি অ্যাওয়ার্ডসের আলো কেড়ে নিলেন আমেরিকান সুপারস্টার টেলর সুইফট। এবারের আসরে বর্ষসেরা অ্যালবাম স্বীকৃতি পেয়েছে তার ‘মিডনাইটস’। গ্র্যামির ৬৬ বছরের ইতিহাসে প্রথম সংগীতশিল্পী হিসেবে চারবার বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। এর আগে তিনবার করে এই বিভাগে সেরা হওয়ায় ফ্রাঙ্ক সিনাত্রা, পল সায়মন ও স্টিভি ওয়ান্ডারের পাশে তার নাম যুক্ত হয়।
‘টাইটানিক’ গায়িকা সেলিন ডিওনের হাত থেকে বর্ষসেরা অ্যালবাম পুরস্কার গ্রহণ করেন টেলর সুইফট। সেরা পপ ভোকাল অ্যালবাম স্বীকৃতিও পেয়েছে তার ‘মিডনাইটস’। অনুষ্ঠানে তিনি নিজের ১১তম একক অ্যালবামের খবর জানিয়েছেন। এর নাম রাখা হয়েছে ‘দ্য টরচার্ড পয়েটস ডিপার্টমেন্ট’। এটি বাজারে আসবে আগামী ১৯ এপ্রিল।
৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সামনের সারির একটি করে পুরস্কার জিতেছেন মাইলি সাইরাস ও বিলি আইলিশ। এবারই প্রথম গ্র্যামি পেলেন মাইলি। তার গান ‘ফ্লাওয়ার্স’ রেকর্ড অব দ্য ইয়ার এবং সেরা পপ একক পারফরম্যান্স বিভাগ দুটিতে বিজয়ী হয়েছে।
বর্ষসেরা গানের পুরস্কার পেয়েছে ‘বার্বি’ চলচ্চিত্রে বিলি আইলিশের গাওয়া ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’। ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গীতিকবি-সুরকার পুরস্কারও জিতেছেন আমেরিকান এই গায়িকা। এবারের বিজয়ী তালিকায় নারীদের আধিপত্য চোখে পড়ার মতো। আরঅ্যান্ডবি তারকা সিজা ও ভিক্টোরিয়া মোনে এবং মেয়েদের ব্যান্ড বয়জিনিয়াস একাধিক পুরস্কার বাগিয়ে নিয়েছে। পুরুষদের মধ্যে আমেরিকান র্যাপার কিলার মাইক তিনটি বিভাগে সেরা হয়েছেন।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসেছিল এবারের আসর। চতুর্থবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। রেকর্ডিং অ্যাকাডেমির ভোটার সংগীতশিল্পী, প্রযোজক, প্রকৌশলীসহ অন্যরা মনোনয়ন ও বিজয়ী তালিকা নির্বাচনে ভোট দেন। নতুন নিয়ম অনুযায়ী, বর্ষসেরা সংগীত প্রযোজক (নন-ক্লাসিক্যাল) ও বর্ষসেরা গীতিকবি-সুরকার (নন-ক্লাসিক্যাল) শাখা দুটিতে গ্র্যামির সব ভোটার এবার ভোট দিয়েছেন।
এবারের আসরে ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত গান, সুর ও সংগীত এবং শিল্পীদের মধ্য থেকে ৯৪টি বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়েছে। সিবিএস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।
ইউডি/এজেএস

