ডিসি সম্মেলন শুরু মার্চ ৩
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:০০
চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩ মার্চ শুরু হতে যাওয়া এই সম্মেলন চলবে ৬ মার্চ পর্যন্ত। ডিসি সম্মেলনে এবারই প্রথমবারের মতো সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ সূত্র জানিয়েছে, আগামী ৩ মার্চ রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত বছরের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনের মূল অনুষ্ঠান কার্য-অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
উল্লেখ্য, মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি এবং নীতিনির্ধারক হিসেবে পরিচিত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং সরকারের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। বছরের মাঝামাঝি জুন-জুলাইতে আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে এই নিয়মের ব্যত্যয় ঘটেছে। করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০২২ সাসের ১৮ থেকে ২০ জানুয়ারি এ সম্মেলন হয়। গত বছর ২০২৩ সালে ডিসি সম্মেলন হয় ২৪ থেকে ২৬ জানুয়ারি। এরই ধারাবাহিকতা ঠিক রাখতে না পারলেও এবছরের ডিসি সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে ৩ মার্চ থেকে।
ইউডি/এজেএস

