কুসিক মেয়র পদে উপ-নির্বাচন: মনোনয়নপত্র নিয়েছেন ৮ জন
আশিকুর রহমান । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:০০
শীতের হিমেল ঠান্ডা কাটিয়ে সরগরম হয়ে জমে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপ-নির্বাচন।
গত সোমবার বিকাল চারটা পর্যন্ত মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রিয়ারি) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারীগণ হলেন— কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আ’লীগের সবগুলো অঙ্গ সংগঠনের নেতারা ডা. তাহসীন বাহার সূচনা, আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত দু নেতা কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার। পাশাপাশি মো. মাঈন উদ্দিন, মামুনুর রশিদ মামুন ও শফিকুর রহমান নামে আরও তিনজন মনোনয়নপত্র কিনেছেন। ১৩ ফেব্রুযারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
এদিকে, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে নগরীর ২৭ ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বিগত নির্বাচনে সিটিতে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছিল ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এবার উপ-নির্বাচনে পুরুষ ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে হবে।
২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউডি/এআর

