রেলওয়ে জনবল সংকট দূর হবে শিগগির: মন্ত্রী

রেলওয়ে জনবল সংকট দূর হবে শিগগির: মন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:‌১৫

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলওয়ে জনবল সংকট দূর করতে অতি শিগগিরই সেই সব শূন্যপদ পূরণ করা হবে। মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলওয়েকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে শ্রমিক ছাঁটাই করে রেলকে পঙ্গু করে দিয়েছিল বিএনপি-জামায়াত। শনিবার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল দিনদিন কমে আসছে। ২৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৮৬০ জন কর্মরত রয়েছেন। কারখানার জনবল সংকট দূর করতে খুব শিগগিরই দুই হাজার লোক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রেলপথ মন্ত্রী বলেন, রেলের বেহাত হওয়া জমি দখলমুক্ত করে রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে। রেলওয়ে সেতু কারখানায় অতীতে রেলসেতুর গার্ডার তৈরি হতো। কারখানাটি আবার সচল করা হবে। অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য।

মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলওয়ে যাত্রীবান্ধব করতে নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বৃদ্ধি করতে হবে। এর আগে রেলওয়ে কারখানায় এসে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার বিভাগীয় তত্তাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কারখানায় স্থাপিত স্মৃতিসৌধ ‘অদম্য স্বাধীনতা’য় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন মন্ত্রী। পরে কারখানার ২৯টি শপ (উপ-কারখানা) ঘুরে ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading