ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৪৯
দেশে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিন ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা বিভাগের ২ জন আছেন। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে মশাবাহিত এই রোগে মারা গেছেন ৪২ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন ও দক্ষিণ সিটিতে ১৫১ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৩২৭ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ জন ও সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
ইউডি/রেজা

