গাজার মানবিক পরিস্থিতি মা ও শিশুদের জন্য একটি ‘দুঃস্বপ্ন’: জাতিসংঘ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৬ মার্চ, ২০২৪, আপডেট ২০:৩০
প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি মা ও শিশুদের জন্য একটি ‘দুঃস্বপ্ন’। সেখানে ছোট এবং অসুস্থ নবজাতক জন্ম নিচ্ছে। মৃতশিশু প্রসবসহ পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া ছাড়াই সিজার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য হচ্ছেন নারীরা। গাজার ডাক্তারদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
প্যালেস্টাইনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর প্রতিনিধি ডমিনিক অ্যালেন। জেরুজালেম থেকে একটি ভিডিও সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে চলতি সপ্তাহে আমি গাজা ছেড়ে চলে যাচ্ছি। এখানকার ১০ লাখ নারী এবং কিশোরীর জন্য আমি আতঙ্কিত। বিশেষ করে ওই ১৮০ জন নারীর জন্য যারা প্রতিদিনই সন্তান জন্ম দিচ্ছেন। উত্তর গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।
সেখানে এখনও মাতৃকালীন সেবা দিচ্ছে এমন হাসপাতালগুলো পরিদর্শন করে ভিডিও কনফারেন্সে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অ্যালেন বলেছেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, তারা এখন আর কোনও স্বাভাবিক আকারের শিশু জন্ম নিতে দেখছেন না। তবে দুঃখজনক হলেও সত্যি, তারা যা দেখেছেন তা হলো আরও বেশি মৃত শিশুর জন্ম। আরও বেশি নবজাতকের মৃত্যু। এসবের কিছু ঘটছে অপুষ্টি, ডিহাইড্রেশন এবং কিছু জন্মকালীন জটিলতার জন্য। প্রসবকালীন জটিলতায় ভোগা নারীর সংখ্যা গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেখানকার মায়েরা অতিরিক্ত মানসিক চাপ, ভয়, অপর্যাপ্ত খাবার এবং ক্লান্ত অনুভব করেন। সেখানে তাদের সেবাদানকারীরা প্রায়ই প্রয়োজনীয় সরবরাহের অভাব থাকার কথা জানিয়েছেন।অ্যালেন বলেছেন, সিজারের জন্য ‘আমাদের কাছে পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া নেই, যা অচিন্তনীয়’। তিনি আরও বলেছেন, ‘ওই শিশুদের মায়ের বাহুডোরে জড়িয়ে থাকার কথা, তাদের দেহ ব্যাগে মোড়ানোর কথা নয়।’
ইউডি/এজেএস

