রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু: মন্ত্রণালয়ের জবাবে সংসদীয় স্থায়ী কমিটির অসন্তোষ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৫০
রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবে সন্তুষ্ট নয় সংসদীয় স্থায়ী কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৯ মার্চ) ন্যাম ভবনে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন অভিযোগ করেন।
নির্বাচনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ার ঘটনা উল্লেখ করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিদেশি প্রতিষ্ঠান বলল যে রাখাইন এলাকাগুলোতে অনিশ্চয়তা আছে। তাঁরা তখন একটু বাধা দিল। এটার সঙ্গে যারা সম্পৃক্ত তাঁরাও ওই কথায় নাচলেন। যার ফলে সেই কাজটা আর হয়নি। এখনতো অন্যরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দ্বিপক্ষীয়ভাবে বিষয়টা সমাধানের জন্য পদ্ধতিটা চালু করেছিলাম। সেটি এখনো চলমান আছে। কিন্তু কত দূর অগ্রগতি হয়েছে এই মুহূর্তে আমি জানি না। এই বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছি, তারা (মন্ত্রণালয়) কেউ এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি।
প্রবাসী মিশনগুলোয় স্থায়ী সেল ফোনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, ‘আমাদের অনেক দেশে মিশনে রাষ্ট্রদূতদের টেলিফোন আছে। উনি ওখান থেকে বদলি হয়ে গেলে টেলিফোনটা সঙ্গে করে নিয়ে যান। এর ফলে অনেক লোক টেলিফোনে পান না। এ জন্য আমরা বলেছি, প্রত্যেক মিশনে ইউনিক সেলফোন থাকতে হবে। ওই মিশনের রাষ্ট্রদূতদের একটি ইউনিক সেল ফোন থাকলে সাধারণ জনগণের যোগাযোগ করতে সহজ হবে।
ইউডি/এজেএস

