শাসকগোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে : মির্জা ফখরুল

শাসকগোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ মার্চ, ২০২৪, আপডেট ১৮:৪০

৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতিমাত্রায় বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্নমত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে।

রবিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কারাগারে বন্দী করা হচ্ছে নির্বিচারভাবে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে। সারা দেশটাই এখন জুলুমের নগরী। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ।

আইনের শাসন ও সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে বলে উল্লেখ করে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading