ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত ৩০
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ১১ এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:০০
পবিত্র ঈদুল ফিতরে জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে নেত্রকোনার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কেরাদীঘি গ্রামের দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে।
আহতদের মধ্যে কেরাদীঘি গ্রামের সরবুল মিয়া (৪৩), বাবু (২০), বাদল (৩৫), খায়রুল (২৪), সোহাগ (২০), আবেদ আলী (৩০), শহীদুল্লাহ (৩৫), সোহেল রানা (২৪) আসাদ (৩৫) ও চেংজানা গ্রামের কামরুলকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অরূপ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয়রা ঠিকভাবে ঈদের নামাজ আদায় করতে পারেননি বলে সংশ্লীষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নূরে আলম কাজল জানান। সংঘর্ষের খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও কেন্দুয়া থানার পক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে ওসি এনামুল হক জানান।
জানা যায়, কেরাদীঘি গ্রামের পুরাতন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে চান গ্রামের সরবুল, খায়রুল, বাদল গংসহ একটি পক্ষ। অপরদিকে, যাতায়াতের রাস্তার সমস্যার কথা বলে গ্রামের মসজিদের মাঠে নামাজ পড়তে চান ছাদেক, সিদ্দিক, হেলাল গংসহ অপর একটি পক্ষ। এ নিয়ে কিছুদিন আগে গ্রামে শালিসও হয়ে ছিল। কিন্তু ঈদের দিন সকাল সাড়ে ৯টার দিকে জামাতের স্থান নিয়ে কেরাদীঘি গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জনের মত আহত হন।
ওসি এনামুল হক পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ইউডি/সিফাত

