অধিকারহীন অবস্থার মধ্যে পড়ে গেছে দেশের মানুষ: আমির খসরু

অধিকারহীন অবস্থার মধ্যে পড়ে গেছে দেশের মানুষ: আমির খসরু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদ সবচেয়ে আনন্দের দিন। কিন্তু ঈদের আনন্দ সেভাবে পাচ্ছে না দেশের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অধিকাংশ নিম্নআয়ের মানুষ দু’বেলা খেতে পারছে না। আজ অধিকারহীন অবস্থার মধ্যে পড়ে গেছে সবাই। জীবনযাত্রায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ একটি গোষ্ঠী কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।

শুক্রবার (১২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একটি গোষ্ঠী ব্যাংক লুটপাট করছে, বিদেশে অর্থপাচার করছে জানিয়ে আমির খসরু বলেন, অথচ দেশের মানুষকে ট্যাক্স দিয়ে উচ্চ দামে জিনিসপত্র, গ্যাস, পানি ও বিদ্যুৎ কিনতে হচ্ছে। জনগণ গরিব হচ্ছে, আর দিন দিন দলীয় একটি গোষ্ঠী সম্পদ বানিয়ে যাচ্ছে। তারা আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। এমনকি অর্থনৈতিক অধিকারও আজ বিশেষ কিছু মানুষের হাতে চলে গেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলের কারণে জনগণের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিকসহ সব মৌলিক অধিকার খর্ব হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, এবার দেশের ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারপরও একটি দল, একটি গোষ্ঠী ক্ষমতা দখল করে বসে আছে। সাধারণ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। জোর করে ক্ষমতা দখলের জন্য যা করার দরকার, তা ছাড়া তাদের আর কোনও ক্ষমতা নেই। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। যে ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে যায়নি, আর যারা গেছে; তাদেরসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের মালিকানা ফিরে পেতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading