চ্যাম্পিয়ন্স ট্রফি: খসড়া সূচি করেছে পাকিস্তান, আছে ইন্ডিয়াও
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:২০
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি তৈরি করেছে পাকিস্তান। প্রাথমিক সেই খসড়ায় ইন্ডিয়াকে নিয়েই সবগুলো ম্যাচের সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত সূচিতে ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি। আইসিসির কাছে সেই খসড়া ইতোমধ্যে পাঠানোও হয়েছে। টুর্নামেন্ট শুরুর জন্য মধ্য ফেব্রুয়ারিকে উইন্ডো হিসেবে ধরা হয়েছে।
দেশটিতে প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে। পাকিস্তান সর্বশেষ ১৯৯৬ সালে ইন্ডিয়া, শ্রীলঙ্কার সঙ্গে মিলে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। তার পর নিরাপত্তা শঙ্কায় দেশটিতে বাধাগ্রস্ত হয় ক্রিকেট। ২০০১ সালে নাইন ইলেভেনে টুইন টাওয়ারে হামলার পর শুরুর দিকে সেখানে সফর করতে আপত্তি থাকতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। তার পর ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলায় ২০১৫ সাল পর্যন্ত কোনও দেশই সেখানে সফর করেনি। পুরোপুরি নির্বাসিত ছিল ক্রিকেট।
এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আবারও সেখানে বড় কোনও ইভেন্ট পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে। ২০১৭ সালের আসরটিকে ভাবা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ! কিন্তু ২০২২ সালে নতুন চক্রে (২০২৩-২৭) টুর্নামেন্টটি আবারও স্থান দেয় আইসিসি। যার ২০২৫ সালের আসরটির আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়নও।
ইউডি/এজেএস

