শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিল বিভাগে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিল বিভাগে

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:৩০

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে উচ্চ আদালতের নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয়। এ সময় হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবো বলেও জানান তিনি।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাংবিধানিকভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা অসুস্থ হয়েছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন, তাও দেখার বিষয়।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। উল্লেখ্য, চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে আগামী বৃহস্পতিবার (০২ মে) পর্যন্ত দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। তবে যেসব প্রতিষ্ঠানে এসি আছে এবং ‘এ’ লেভেল ও ‘ও’ লেভেলের শিক্ষাপ্রতিষ্ঠান এই আদেশের বাইরে থাকবে।

তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading