উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬.১%
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, আপডেট ১৬:৫৫
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে ৩৬ দশমিক ১ শতাংশ। নির্বাচন কমিশনার মো. আলমগীর বৃহস্পতিবার (০৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। ইভিমে ভোটের হার ৩১.৩১ শতাংশ, ব্যালটে ৩৭.২২ শতাংশ।
দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গত বুধবার এই ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ হয়। এই ধাপে ২২টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। অনিয়ম ও গোলযোগের কারণে এদিন দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়। অনিয়মের চেষ্টার অভিযোগে আটক করা হয় ৩৭ জনকে। ভোটের সময় খাগড়াছড়ির লক্ষীছড়ি, বগুড়া, চাঁপাইনবাবগঞেজর ভোলা হাট, গাইবান্ধার ফুলছড়ি, মাদারীপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জসহ কিছু এলাকায় হুমকি, অনিয়ম ও বিশৃঙ্খলার তথ্য সংবাদমাধ্যমে আসে।
সবশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা ভোটে গড়ে ৪১% এর বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১% এবং তৃতীয় উপজেলা ভোটে ২০০৯ সালে ৬৭.৬৯% ভোট পড়ে। এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এ নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, সবচেয়ে কম ভোট পড়েছে সোনাতলা, মীরসরাই ও কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।
ইউডি/এজেএস

